‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’: মাহফুজ আলম


জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক ও আদর্শিক মেরুকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম আদর্শিক অক্ষ অনুযায়ী ইতোমধ্যে বিভক্ত হয়েছে। ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা যেমন জায়গা পাবেন না, তেমনি অ-ডানপন্থিদের সংগঠনেও ডানপন্থিদের স্থান হবে না।
তিনি লিখেছেন, “এটাই জুলাই বন্দোবস্ত। ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।”
মাহফুজ আলম ২০২৪ সালের আগস্টে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী এবং পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।




