ত্রিকোণ প্রেমের জেরে মোহাম্মদপুরে প্রবাসী যুবককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২


রাজধানীর মোহাম্মদপুরে ত্রিকোণ প্রেমের টানাপোড়েনের জের ধরে লস্কর হৃদয় নামের এক প্রবাসী যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় তিনি এই হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— শান্ত এবং বিল্লাল ওরফে কালা বিল্লাল।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এক সংবাদ সম্মেলনে জানান, কয়েক বছর আগে লস্কর হৃদয় মোসা. হাফসা আক্তারকে বিয়ে করেন। পরবর্তীতে হাফসা ‘ক্যাপ্টেন মুন্না’ নামের এক কিশোর গ্যাং লিডারের সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন। এর তিন বছর পর হৃদয় সৌদিতে চলে গেলেও হাফসার সঙ্গে তাঁর যোগাযোগ থেকে যায়। বিষয়টি জানতে পেরে মুন্না তাঁকে হুমকি দিলেও হৃদয় দেশে ফেরার পর তাঁদের যোগাযোগ অব্যাহত রাখেন।
সম্প্রতি হৃদয় ছুটি কাটাতে দেশে ফিরলে গত সোমবার মুন্না তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামিরা হলেন—মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল, গাঢ়কাটা সাইফুল
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে কালা বিল্লালসহ দুই আসামিকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




