পুলিশকে ‘ডিমোরালাইজড’ করতে অপপ্রচার চলছে: পুলিশ অ্যাসোসিয়েশন

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া ও মনগড়া তথ্য প্রকাশ করে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, মূলত পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা ও পুলিশ বাহিনীকে ‘ডিমোরালাইজড’ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, কতিপয় ব্যক্তি পুলিশ প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। বিশেষ করে কোনো কর্মকর্তার নতুন পদায়নের পরেই তাকে লক্ষ্য করে অতিমাত্রায় নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সক্রিয়কর্মী পরিচয় দিয়ে কতিপয় ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানিয়েছে, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন বা দমন-পীড়নে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কেবল বিগত সরকারের আমলে চাকরি করার অজুহাতে সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার গ্রহণযোগ্য নয়।

এ অবস্থায় মিথ্যা তথ্য প্রচার ও পেশাদার কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়ার এই অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে জোরদার করতে গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

Related Articles

Back to top button