ট্রলির গোপন কুঠুরিতে স্বর্ণ, ৪ ফ্লাইটে ৪৩ লাখ টাকার পণ্য আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক চারটি অভিযানে ট্রলির গোপন কুঠুরিতে লুকানো স্বর্ণ, ওষুধ, বিদেশি সিগারেট, নিষিদ্ধ ক্রিম, সিরাম ও মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।


এনবিআর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী এসব অভিযানে আটক করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন বিদেশি সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে আসা পারভেজ নামের এক যাত্রীর ট্রলির গোপন কুঠুরি থেকে স্বর্ণ এবং সঙ্গে থাকা পারমিটবিহীন ওষুধ আটক করা হয়, যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

অন্যান্য অভিযানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের যাত্রী জনির কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ লিটার বিদেশি মদ, এমিরেটসের যাত্রী মিজানুরের কাছ থেকে ৪ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস পাকিস্তানি সিরাম এবং সোমা বেগম নামের অপর এক যাত্রীর কাছ থেকে ৬ লাখ টাকা মূল্যের ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button