চট্টগ্রামে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার নবজাতক পেল নতুন ঠিকানা

চট্টগ্রামের বাঁশখালীতে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতক নতুন বাবা-মা ও নিরাপদ ঠিকানা পেয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর স্থানীয় ‘মায়া সংঘ’ নামক একটি সামাজিক সংগঠনের মাধ্যমে শিশুটিকে এক অটোরিকশাচালক ও তার স্ত্রীর জিম্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এর আগে, গত ১৫ জুলাই ভোরে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোনাখালী এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে ওই অটোরিকশাচালকের পরিবার। উদ্ধারের পর পরই শিশুটিকে সুস্থ রাখতে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা হয়।

সামাজিক সংগঠন ‘মায়া সংঘ’-এর সভাপতি গিয়াস উদ্দীন আকবর চৌধুরী বলেন, ‘যে পরিবারটি শিশুটিকে উদ্ধার করেছিল, মূলত তারাই শিশুটিকে লালন-পালনে গভীর আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন বাবা-মায়ের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।’

শিশুটিকে জিম্মায় নেওয়া অটোরিকশাচালক দম্পতি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘প্রায় দুই সপ্তাহ ধরে আমরা শিশুটিকে আদর-যত্নে লালন-পালন করে এর প্রতি গভীরভাবে মায়ায় পড়ে গেছি। এখন আর তাকে কোনোভাবেই ছাড়তে মন চাইছে না।’

জানা গেছে, ওই দম্পতির পাঁচ মাস বয়সী আরেকটি সন্তান রয়েছে, ফলে নবজাতকটিকে লালন-পালন করতে তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না।

এ বিষয়ে বাঁশখালীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন জানান, ‘শিশুটির বিষয়ে আমাকে অবহিত করার পর আমি দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলাম।’

Related Articles

Back to top button