খোয়াই নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে ১৭ গ্রামের ৩০ হাজার মানুষ


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর হাসারগাঁও এলাকায় একটি সেতুর অভাবে কয়েক যুগ ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ১৭ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ। স্বাধীনতার পর থেকে এলাকাবাসী সেতুর দাবিতে আন্দোলন ও আবেদন জানিয়ে এলেও এখনো নির্মিত হয়নি একটি ছোট সেতুও।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে মন্ত্রী, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ফলে প্রতিদিনই শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীকে ছোট খেয়া নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি মিললেও বাস্তব কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রুত প্রকল্প গ্রহণ করে সেতু নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, হাসারগাঁও-গোলগাঁও ঘাটে অতি ছোট একটি নৌকায় যাত্রী পারাপার চলছে। নদীর ওপারে রয়েছে একটি মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কমিউনিটি ক্লিনিক। বর্ষা মৌসুমে নদীর স্রোত বৃদ্ধি পেলে পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায় এবং জরুরি রোগী পরিবহণে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন থেকে শুনে আসছি, এখানে ব্রিজ হবে। এখন বৃদ্ধ হয়ে গেছি, তবুও ব্রিজ হলো না। মরার আগে হয়তো আর দেখে যেতে পারব না।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে অবগত হলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতু নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।




