হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে গেলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৩টার পর এই বিশাল বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের লাখো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীরা হাতে জাতীয় পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে নানা স্লোগানে মুখরিত হন।

র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবন, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. এ জেড এম জাহিদ হোসেন, আমানুল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার।

এছাড়াও আরও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নুরুল ইসলাম মনি, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের সর্বস্তরের নেতাকর্মীরা।

দীর্ঘ সময় পর উন্মুক্ত পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের কথা উল্লেখ করে আয়োজকরা জানান, ফ্যাসিবাদী শাসনামলে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব বিকৃত করা হয়েছিল। বর্তমানে এর সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপযুক্ত সুযোগ তৈরি হয়েছে।

Related Articles

Back to top button