সাগরপথে মিয়ানমারে পাচারের আগেই ১৫ টন সার জব্দ, আটক ১

চট্টগ্রামের মিরসরাই উপকূলীয় বঙ্গোপসাগর রুট ব্যবহার করে মিয়ানমারে পাচারের সময় ১৫ টন (৩০০ বস্তা) ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের চেকপোস্টে অভিযান চালিয়ে সারসহ ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নরসিংদীর ঘোড়াশাল থেকে আসা ট্রাকটিকে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৩০০ বস্তা (১৫ টন) ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও জোরারগঞ্জ থানা-পুলিশের অভিযানে একই রুট থেকে ৩০১ বস্তা ইউরিয়া সার ও দুটি ট্রাক জব্দ করা হয়েছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, পাচারকারীরা সম্প্রতি মিরসরাইয়ের বঙ্গোপসাগর এলাকাকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে। অভিযান চালিয়ে ৩০০ বস্তা সারসহ ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button