চট্টগ্রামে অস্ত্রসহ ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ১৩ মামলা


চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও ছিনতাই করা মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শাহ আলম (২৫) নামের একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে স্টেশন কলোনি এলাকার কলেজিয়েট স্কুলের বিপরীত পাশে নুরুল হুদা জমিদারের ভাড়াঘরের একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন তুষার হাসান (২২) ও তাজুল ইসলাম (৩৬)। শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদরঘাট থানা-পুলিশ এসব তথ্য নিশ্চিত করে।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রধান অভিযুক্ত শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলার মধ্যে অস্ত্র আইনে ৩টি, ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪টি এবং অন্যান্য ধারায় একাধিক মামলা রয়েছে। এর আগে কোতোয়ালি থানা ও চট্টগ্রাম রেলওয়ে থানায়ও তার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার সদরঘাট থানায় দায়ের করা একটি দস্যুতার মামলায়ও তাকে আসামি করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নগরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
এ ঘটনায় সদরঘাট থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।




