দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মোটরসাইকেল এবং ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ভুক্তভোগী মো. সুজন মিয়া (৩২) জানান, গত ২৯ অক্টোবর রাতে তিনি মোটরসাইকেলযোগে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হন। দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তিন ব্যক্তি তাঁর গতিরোধ করে চাবি কেড়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তাঁর বাম হাতের কব্জিতে কোপ দিয়ে গুরুতর জখম করে এবং নগদ ৮ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এএসআই সুজলের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মো. মাহমুদ (২৬) ও কাওসার (২৬) নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনায় সম্পৃক্ততায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button