বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ

বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্ল্যাক কার্বনসহ অন্যান্য দূষকের নিঃসরণ কমাতে বিজ্ঞানভিত্তিক নীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণ ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত করতে হবে। নির্মল বায়ু ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সমন্বয় ও সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে ক্লিন এয়ার ফান্ডের সহায়তায় এ সংলাপের আয়োজন করে।

সংলাপে বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা ব্ল্যাক কার্বনসহ অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষকের নিঃসরণ কমানোর মাধ্যমে বায়ুর মান উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে জাতীয় উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বিজ্ঞানী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে জ্ঞান বিনিময়ের আহ্বান জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। সংলাপে আরও বক্তব্য দেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওরিয়ান গুস্তাফসনসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও গবেষকরা।

Related Articles

Back to top button