বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ


পুরান ঢাকার বাদামতলী মার্কেট সংলগ্ন সব অবৈধ পার্কিং এবং অবৈধ দোকানপাট দ্রুত উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও অনিয়ন্ত্রিত পার্কিং সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের কাছে সহায়তা কামনা করেন। বিষয়টি জানার পরই প্রশাসক তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত দেন।
ডিএসসিসি প্রশাসকের এমন দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জানান, এই সিদ্ধান্তের ফলে বাদামতলী এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হবে।
অন্যদিকে, একটি জাতীয় দৈনিকে বাবুবাজার ব্রিজ এলাকায় সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে চাঁদাবাজির খবর প্রকাশিত হওয়ার পর কঠোর ব্যবস্থা নিয়েছে ডিএসসিসি। এর প্রেক্ষিতে ৩২ নম্বর ওয়ার্ডের বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের ‘এ’ থেকে ‘ডি’ ব্লক পর্যন্ত ২৮,০৫১.১২ বর্গফুট খোলা জায়গায় পরিচালিত পার্কিংয়ের সব কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানান, সিটি কর্পোরেশন জনগণের সেবায় নিয়োজিত। নাগরিকদের ভোগান্তি বা সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।




