কয়েক সদস্যের অতীত ভূমিকা নিয়ে আপত্তি বিএনপির

নিজস্ব প্রতিবেদক :সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনগুলোর কয়েক সদস্যের অতীত ভূমিকা নিয়ে আপত্তি বিএনপির। আলোচনা ছাড়াই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশনের প্রধান ও পরে সদস্য ঠিক করায় নাখোশ ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে আজ শনিবার বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে সংলাপে বসছেন ড. ইউনূস।
সরকারি ভাষ্য অনুযায়ী, সংস্কারে গঠিত কমিশনের বিষয় ছাড়াও আলোচনা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দলগুলো আধাঘণ্টা করে সময় পাবে আলোচনা করার। এ নিয়ে অখুশি দলগুলো।
বেলা আড়াইটায় বিএনপি, ৩টায় জামায়াত, সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ, বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে ৪টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সাড়ে ৫টায় এবি পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। বিএনপির নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কমিশনের প্রধান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে সরকার মতামত নেয়নি। এ কর্মপদ্ধতিকে কালক্ষেপণ বলে মনে করছে কয়েকটি রাজনৈতিক দল। আমন্ত্রণ পাওয়া দলের নেতারা জানিয়েছেন, তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন। রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন।
জেসমিন টুলী ও আব্দুল আলীমে আপত্তি
সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন (ইসি) সংস্কারে গঠিত কমিশনের দুই সদস্য নিয়ে আপত্তি রয়েছে বিএনপির। ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও সাবেক সচিব আব্দুল আলীমের অতীত ভূমিকার কারণে এ আপত্তি।
কয়েকটি দলের নেতাদের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের ছাত্রলীগ নেতা ছিলেন জেসমিন টুলী। ২০০১ সালের নির্বাচনে তৎকালীন উপসচিব হিসেবে তাঁর ভূমিকা ছিল বিএনপির বিরুদ্ধে। দলটির প্রার্থী মির্জা আব্বাস, প্রয়াত সাদেক হোসেন খোকা, বগুড়ার হেলালুজ্জামান তালুকদার লালু, মেজর মান্নানসহ গুরুত্বপূর্ণ নেতাদের আসনে ভৌতিক ভোটার তালিকা করা হয়েছিল। ভোটকেন্দ্রের নথি গায়েবেও জড়িত ছিলেন টুলী। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশের পর তাঁর কক্ষ থেকে নথিগুলো পাওয়া যায় বলে দাবি কয়েক নেতার।
নির্বাচনী আসন অসামঞ্জস্যপূর্ণ পুনর্বিন্যাসের জন্য জেসমিন টুলীকে দায়ী করেছেন কয়েক নেতা। তাদের ভাষ্য, ২০১৪ সালের বিতর্কিত ও একতরফা নির্বাচন আয়োজনে সাবেক এই অতিরিক্ত সচিবের ভূমিকা ছিল। সাবেক সচিব আব্দুল আলীমের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। সূত্র জানিয়েছে, এসব অভিযোগ সংলাপে প্রধান উপদেষ্টাকে জানানো হবে।



