শিরোপা জয়ে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, বিমানবন্দরে বর্ণিল সংবর্ধনা

জাহিদ হাসানঃ
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করে শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল আজ সন্ধ্যায় দেশে ফিরেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন।
এ সময় প্রতিমন্ত্রী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন শুধু ক্রীড়াঙ্গনের নয়, পুরো জাতির জন্য গর্বের। আমাদের তরুণ ফুটবলারদের এই সাফল্য দেশের ফুটবলের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে।”
তিনি আরও বলেন, “কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দলগত চেতনার অনন্য সমন্বয়ের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। এই বিজয় দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় এগিয়ে আসতে নতুন করে অনুপ্রাণিত করবে।” ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করে তিনি দলের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে, দলের অধিনায়ক গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, “দলের প্রতিটি সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই আমরা এই শিরোপা জিততে পেরেছি। আমরা চাই, দেশের জন্য আরও ভালো কিছু করতে এবং সামনের দিনগুলোতে আরও বড় অর্জন এনে দিতে।”
দেশের ক্রীড়াঙ্গনে এই ঐতিহাসিক সাফল্য নতুন আশার সঞ্চার করেছে, যা ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন।



