কোটি টাকার মাদকসহ ‘মাদকের রানী’ গ্রেফতার: উত্তরা সার্কেলের অভিযানে ভেঙে দেওয়া হলো বড় চক্র

জাহিদ হাসানঃ
রাজধানীসহ আশপাশের এলাকায় সক্রিয় একটি শক্তিশালী মাদক চক্রের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো উত্তর। পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ হিরোইন ও ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
অধিদপ্তরের উত্তরা সার্কেলের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানাধীন সেনোয়ারা গ্রীন নামের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় অভিযান চালায়। এসময় ৪০০ গ্রাম হিরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ ‘মাদকের রানী’ হিসেবে পরিচিত হোসনে আরা বেগমকে হাতেনাতে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীতে মাদক সরবরাহের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা গেছে।
অপরদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন চনপাড়া বটতলা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিসকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও ধরন থেকে ধারণা করা হচ্ছে, তিনি একটি বড় সরবরাহ চক্রের গুরুত্বপূর্ণ সদস্য।
উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, “আসামিদের দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। অত্যন্ত কৌশলী পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করে অবশেষে তাদের মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হিরোইন ঢাকায় প্রবেশ করত এবং হোসনে আরা তা দয়াগঞ্জ এলাকায় পাইকারিভাবে সরবরাহ করতেন। অন্যদিকে, কুমিল্লা থেকে আনা ইয়াবা ঢাকায় বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হতো এবং এর অর্থ হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাচার করা হতো বলে স্বীকার করেছেন ইদ্রিস।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক দুইজনই পেশাদার ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে আইনকে ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল।
এ ঘটনায় উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে ডেমরা থানা ও রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Back to top button