নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে যেন প্রশ্ন না ওঠে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, দলের নেতাকর্মীদের এমনভাবে চলতে হবে, যাতে তাদের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভালো হয়ে চললে দলের সঙ্গে সম্পর্ক থাকবে, তবে অন্যায় ও খারাপ কর্মকাণ্ডে জড়ালে দলের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর রাজারবাগ-সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির মাঠে আয়োজিত বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জনগণ অনেক আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। তাই দলের ভাবমূর্তি রক্ষায় আগে নিজের ঘরকে ঠিক করতে হবে। নেতাকর্মীদের পারস্পরিক টানাটানি ও দলীয় গ্রুপিংয়ের কারণে উন্নয়নকাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাদের নিজ নিজ এলাকায় রাস্তা পরিষ্কার রাখা, মশার ওষুধ দেওয়া ও নাগরিক সমস্যার সমাধানের বিষয়ে নজর রাখার নির্দেশ দেন তিনি। এছাড়া অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কোনো আপস করা যাবে না। পুলিশকে সহায়তার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে এলাকার মুরুব্বি, যুবক ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বাবু পবন দাস, সাধারণ সম্পাদক বাবু গুরু দাস সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button