ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাজবাড়ীর চাল বাজার

ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন রাজবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত চাল বাজারের ব্যবসায়ী ও আমজনতা। ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন জমে পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো বাজার এলাকায় হাঁটুসমান পানি ও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

জমা হয়ে থাকা পচা পানি থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হয়েছে।

পচা পানি ও দুর্গন্ধের কারণে বাজারে ক্রেতাদের আগমন কমে গেছে। এতে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছেন চাল ব্যবসায়ীরা।

ব্যবসায়ী তানভীর খান রনিসহ একাধিক চাল ব্যবসায়ী অভিযোগ করেন, বছরের পর বছর ধরে ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই কেনাকাটা করা ও দোকানে বসে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়ে। তারা অবিলম্বে ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার জোরালো দাবি জানান।

রাজবাড়ী পৌরসভার নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক কল্যাণ চৌধুরী বিষয়টি সম্পর্কে জানান, তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে খোঁজখবর নিয়ে পানি নিষ্কাশন স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button