চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসকসহ ৩ জনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুমোদনহীন তিয়ানশি কোম্পানির কার্যক্রম পরিচালনা, অবৈধ পণ্য বিক্রি ও চিকিৎসক পরিচয়ে প্রতারণা করার অভিযোগে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ায় স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে প্রশাসনকে খবর দিলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তার এ আদালত পরিচালনা করেন।

অভিযানে ভুয়া চিকিৎসক মো. হুমায়ূন কবীরকে চার মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তিয়ানশি কোম্পানির ‘গোল্ড স্টার’ প্রতিনিধি মাসুদ করিম ও আব্দুর রহমানকে দুই মাস করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

প্রতারক চক্রটি ভুয়া বিএসটিআই সিলযুক্ত পণ্য দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করে কথিত চিকিৎসার নামে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে জানায় প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতে অভিযানের সময় জব্দ করা অনুমোদনহীন তিয়ানশি কোম্পানির বিভিন্ন মালামাল ও পণ্য আইন অনুযায়ী ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেন যে, অনুমোদনহীন চিকিৎসার বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ ও প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button