চার বছর ধরে অব্যবহৃত ভবন, ব্যবস্থা নিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নির্দেশ


উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (১৫ আগস্ট) সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর তিনি সাভারে প্রতিষ্ঠানটির নবনির্মিত ভবনটি দীর্ঘ চার বছর ধরে অব্যবহৃত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত তা চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সুশাসন ও দক্ষ ব্যবস্থাপনা ছাড়া মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়। তাই জেলা ও উপজেলা পর্যায়ের সিভিল সার্জন ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাভারের এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে ধাপে ধাপে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
২০২২ সালে তৈরি হওয়া এই দৃষ্টিনন্দন ভবনটি অব্যবহৃত পড়ে থাকাকে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার সুস্পষ্ট প্রতিফলন উল্লেখ করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
ড. এম এ মুহিত পুনর্ব্যক্ত করেন, স্বাস্থ্য খাতে সুশাসন ফিরিয়ে এনে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।




