কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের উদ্যোগে হেমন্ত বরণ অনুষ্ঠিত

হেমন্তের স্নিগ্ধতা ও গ্রামীণ লোকসংস্কৃতির আমেজ ছড়িয়ে দিতে নেত্রকোনার কেন্দুয়ায় উদযাপিত হলো হেমন্ত বরণ অনুষ্ঠান। ‘কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’-এর আয়োজনে গত শুক্রবার কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ণাঢ্য সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

০৬ নভেম্বর শুক্রবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট লোকসাহিত্যিক ও পালা-নাট্যকার জনাব রাখাল বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন— কবি ও চারণ সাংবাদিক এবং কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, বেতার ও টিভি শিল্পী এবং রামপুরের ‘আব্দুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠী’র সভাপতি আবুল বাসার তালুকদার, কবি ও সাংবাদিক মোঃ মজিবুর রহমান এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ সালাহ্ উদ্দিন সালাম।

কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মোঃ আব্দুল হাই সেলিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দুয়া প্রেসক্লাবের সম্মানিত সদস্য, কবি ও সাংবাদিক কোহিনূর আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক মহিউদ্দিন সরকার, গীতিকার ও শিক্ষক সাহাবুল কাদির ভূইয়া, গীতিকার বাবুল মিয়া, কবি ও সাংবাদিক রুকন উদ্দিনসহ স্থানীয় সাহিত্যপ্রেমী ও গণমাধ্যমকর্মীগণ।

আলোচকরা তাঁদের বক্তব্যে হেমন্তের ঋদ্ধ রূপ, বাংলার লোকজ সংস্কৃতি, লোকসাহিত্য ও পালাগানের ঐতিহ্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটি স্থানীয় সাহিত্য অঙ্গনে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

Related Articles

Back to top button