ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন


রাশেদুল হক, জেলা প্রতিনিধি, যশোর: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় যশোরের ঝিকরগাছায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দেশব্যাপী এই কর্মসূচির মূল আনুষ্ঠানিকতা হিসেবে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তাঁরই ধারাবাহিকতায় ঝিকরগাছায় স্থানীয় পর্যায়ে এই উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়াবিষয়ক কার্যক্রমের আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩১৪-এর সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, ক্রীড়া শিক্ষক, গণমাধ্যমকর্মী, সুধীজন এবং ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধিত খুদে অ্যাথলেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) কর্মসূচির মূল লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠমুখী করতে এবং একটি সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
তারা আরও উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা অনেক প্রতিভাবান শিশু-কিশোর পর্যাপ্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে না। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মতো আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকেই এসব লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণ করে যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার ব্যবস্থা করা সম্ভব হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি শিশু-কিশোরদের মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি মনোযোগী করে তুলবে এবং তাদের মধ্যে দেশপ্রেম ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলবে। খেলাধুলাকে কেবল অবসরের বিনোদন না ভেবে ভবিষ্যতের সম্ভাবনাময় পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরির ওপরও তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
সবশেষে বর্ণাঢ্য আয়োজন, আলোচনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী ও ইভেন্টের মধ্য দিয়ে ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।




