মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক সময়ের পরিক্রমায় আরও বিকশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ৩০তম মার্কিন ট্রেড শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই ট্রেড শো অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং সম্মানিত অতিথি হিসেবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বক্তব্য রাখেন। উদ্বোধনী বক্তব্য দেন আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ম্যানুফ্যাকচারিং, শিক্ষা এবং কৃষিব্যবসা খাতে বিভিন্ন উদ্ভাবনী ধারণাকে তুলে ধরা হয়েছে। তিন দশক ধরে অ্যামচ্যামের এই পথচলা বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগকে সহজতর করেছে।

বক্তব্যের একপর্যায়ে দেশের জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ ও কাজ করার জন্য মার্কিন কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান স্পিকার।

অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, অ্যামচ্যামের ভাইস চেয়ারম্যানসহ নির্বাহী সদস্য, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button