কানাডায় শিক্ষা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান আলবার্টার প্রধানমন্ত্রীর


কানাডায় শিক্ষা গ্রহণ শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আলবার্টা প্রদেশের প্রধানমন্ত্রী ড্যানিয়েলে স্মিথ। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, স্টুডেন্ট ভিসা একটি অস্থায়ী নথি এবং এর মূল উদ্দেশ্য শিক্ষা অর্জন করে নিজ দেশে ফিরে গিয়ে ক্যারিয়ার গড়া।
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, আলবার্টার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো মূলত সেখানকার স্থানীয় কানাডিয়ানদের জন্য তৈরি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে স্থায়ী হওয়ার আশা না করে শর্ত বুঝে নিজ দেশে ফিরে শিক্ষা কাজে লাগানো উচিত।
সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কানাডায় পড়াশোনা শেষে কাজের অনুমোদন (ওয়ার্ক পারমিট) না পেয়ে সম্প্রতি অনেক ভারতীয় শিক্ষার্থী বিক্ষোভ ও প্রতারণার অভিযোগ করেন। এর প্রেক্ষাপটেই আলবার্টার প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া জানান।
ড্যানিয়েলে স্মিথ পরিষ্কার করেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান লোভনীয় কোর্স অফার করে শিক্ষার্থীদের স্থায়ী বসবাসের ভুল ধারণা দিতে পারে। তবে তাদের স্পষ্ট অবস্থান হলো—পড়াশোনা শেষে ভিসার মেয়াদ শেষ হলে এবং স্থায়ী বসবাসের (PR) অনুমতি না থাকলে শিক্ষার্থীদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে।




