বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা নিয়ে মূল মূল্যায়ন দেশের জনগণই করবে, তবে সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের ফলে পরিস্থিতির উন্নতি ঘটেছে। তিনি জানান, সরকার গঠনের প্রথম ১৮০ দিনে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকট দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে তেলের দাম না বাড়িয়ে বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ সুরক্ষায় দাম বৃদ্ধি স্থগিত রেখেছিল। গ্যাস সংকট টেকসইভাবে সমাধানের লক্ষ্যে মাতারবাড়ীতে পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন, নতুন এফএসআরইউ স্থাপন এবং অফশোর ও অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় কর্মকর্তা ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানসহ ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সম্মানী দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সরকারের কার্যকর নীতিতে দেশে খাদ্যের মজবুত মজুত গড়ে উঠেছে। এছাড়া ১৮০ দিনে সরকারের সামগ্রিক অগ্রগতির পূর্ণাঙ্গ বিবরণী শিগগিরই প্রকাশ করা হবে।

Related Articles

Back to top button