৩ লক্ষাধিক রোহিঙ্গাকে প্রত্যাবাসনে কেন দেরি, জানাল মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জন রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ঘোষণা দিলেও এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে বিলম্ব হবে বলে জানিয়েছে মিয়ানমার।


রাখাইন রাজ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এই বিলম্ব হচ্ছে বলে রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, রাখাইনের সার্বিক পরিস্থিতি শান্ত হওয়ার পরই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কাজ শুরু হবে। একই সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়াটিকে মিয়ানমার ও বাংলাদেশের সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয় হিসেবে উল্লেখ করা হয়।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তালিকা পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই-বাছাই শেষে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে ২০২৪ সালের অক্টোবর থেকে রাখাইনে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র সংঘাত চলছে, যার ফলে সিত্তওয়ে ও কয়েকটি এলাকা বাদে প্রায় পুরো রাখাইন এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

Back to top button