ঋণ নিয়ে আলোচনা পুনরায় শুরু করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক :ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ার ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এছাড়া আরও চারটি ভারতীয় বিদ্যুৎ কোম্পানি বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে। বাংলাদেশের কাছে এসব কোম্পানির বকেয়া রয়েছে। সেই বকেয়া পরিশোধে হাসিনা সরকারকে ২০০ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল ভারত সরকার।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শেখ হাসিনা সরকারের আমলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় হাসিনা সরকারের পতনের আগে বেশ কিছু বিল পাওনা হয়ে যায় আদানি পাওয়ার সহ ভারতীয় কোম্পানিগুলোর।
সূত্রে জানা গেছে, এসব কোম্পানির মধ্যে এসইআইএল এনার্জি, এনটিপিসি, পিটিসি এবং পাওয়ার গ্রিড অন্যতম। তবে আদানি পাওয়ারের বকেয়ার পরিমাণ সবচেয়ে বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশকে প্রায় ২০০ কোটি ডলার ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করছিল, যাতে দেশটি আদানি পাওয়ারসহ ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা পরিশোধ করতে পারে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় এই ঋণে আলোচনা স্থগিত হয়েছে বলে একটি সূত্র দ্য হিন্দুর বিজনেস লাইনকে জানিয়েছে।
সূত্র জানায়, ভারতের কাছ থেকে ২ বিলিয়ন ডলারের ঋণ পেলে বাংলাদেশের পক্ষে বকেয়া পরিশোধে তা অত্যন্ত সহায়ক হতো। এক অর্থে, ভারতের জন্য ভালোই হয়েছে যে এই ঋণ অনুমোদিত হয়নি। কারণ হাসিনা সরকারের পতনের পর এই অর্থের ব্যবহার কোথায় হতো তা খুঁজে বের করা কঠিন হতো।
সূত্র জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে এখনো এই ঋণ নিয়ে আলোচনা পুনরায় শুরু করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সূত্র বলেছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকার মূলত আদানি পাওয়ারের বকেয়া পরিশোধের জন্যই এই ঋণের বিষয়ে আলোচনা হয়েছিল। এই ঋণের ওপর প্রায় ২ শতাংশ সুদ ভর্তুকি দেওয়ার বিষয়টিও বিবেচনায় ছিল, যাতে বাংলাদেশ সরকারের জন্য বিষয়টি সুবিধাজনক হয়। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আলোচনা ভেস্তে গেছে।



