নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন : এমপি জহির


নতুন প্রজন্ম যেন কোনোভাবেই বিপথে পরিচালিত না হয়, সে জন্য তাদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
শনিবার বাঁশখালীর কালীপুর এলাকার রমিজ উদ্দিন শাহ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য জহিরুল ইসলাম বলেন, জ্ঞান মানুষকে সত্য-মিথ্যা এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখায়। জ্ঞানের মাধ্যমেই মানুষ নিজেকে ও সৃষ্টিকর্তাকে চিনতে পারে। ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে, কারণ জ্ঞান মানুষকে আলোকিত করে ও সঠিক পথের দিকনির্দেশনা দেয়। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত করা অত্যন্ত জরুরি। একটি আদর্শ সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে এ ধরনের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে মাদরাসার নির্মিতব্য ভবন পরিদর্শন শেষে সংসদ সদস্য আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। পরবর্তীতে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাহফিলে হাফেজ মাওলানা হোসাইন আহমদ, অধ্যক্ষ আজিজুল ইসলাম, মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা মীর আহমদ আনছারী ও মাওলানা মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।




