দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে এখনি সরকারকে প্রস্তুতি নিতে হবে


আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নিশ্চিত করতে এখন থেকেই সরকারকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, পূজামণ্ডপ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসাদগেট সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা চার্চে চুরির ঘটনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারাকে অত্যন্ত উদ্বেগের বিষয় উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আসাদগেট এলাকায় নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং এ ধরনের ঘটনাকে শুধু বিচ্ছিন্ন চুরি হিসেবে দেখলে চলবে না। চার্চে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
এ সময় মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, শুধু দলীয় ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া যথেষ্ট নয়; একে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
পরিদর্শনকালে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, সালেহ উদ্দীন সিফাত, নুসরাত তাবাসসুম এমপি, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা ও সহ-সম্পাদক প্রীতম দাশসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




