আইসিজের মামলা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে


আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান রোহিঙ্গা বিষয়ক মামলার প্রতি নিজেদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সদস্য রাষ্ট্রগুলো। তারা আশাবাদ ব্যক্ত করেছে যে, এই আইনি পদক্ষেপই দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধানের পথ প্রশস্ত করবে।
স্থানীয় সময় রোববার (১৮ অক্টোবর) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫২তম অধিবেশনের ফাঁকে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা বিষয়ক ওআইসি মন্ত্রী পর্যায়ের অ্যাড-হক কমিটি’র সভায় এই প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
উক্ত অ্যাড-হক মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ও কমিটির সহ-সভাপতি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বক্তব্য দেন। বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সদস্য রাষ্ট্রগুলোকে সম্মিলিত ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটকে পুরো মুসলিম উম্মাহর জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবিক ও আইনি কার্যক্রমকে ত্বরান্বিত করতে যৌথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
এ ছাড়া তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উত্থাপিত গুরুত্বপূর্ণ পাঁচ দফা কর্মপরিকল্পনার কথা স্মরণ করিয়ে দেন। উক্ত কর্মপরিকল্পনায় বিশেষ করে আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছিল।




