ভাটারায় অভিনেত্রীর মরদেহ উদ্ধার: প্রেমিক হাসিবুর কারাগারে


রাজধানীর ভাটারা এলাকা থেকে অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনা মামলায় প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসএম) কামাল হোসেন জানান, আসামিপক্ষের আইনজীবীরা আগামী ১৮ আগস্ট জামিন শুনানির জন্য আবেদন করেছেন।
তদন্ত কর্মকর্তার আবেদন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, হাসিবুর ও লিনার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল এবং হাসিবুর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত ১৪ আগস্ট রাতে মোবাইল ফোনে বাগবিতণ্ডার পর ১৫ আগস্ট ভোরে ভাটারা এলাকার বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিনার মরদেহ উদ্ধার করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লিনার মা মনি বেগম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ১৫ আগস্ট রাতে গ্রেপ্তার হওয়া হাসিবুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি রিধি ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’র মতো একাধিক নাটকে অভিনয় করেছিলেন।




