তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়


জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একটি খসড়া কমিটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে, যা তার চূড়ান্ত অনুমোদনের পর যেকোনো সময় ঘোষণা হতে পারে।
সম্প্রতি রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের বর্তমান শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ হয়। সাক্ষাতকালে বিগত আন্দোলন-সংগ্রাম ও ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নতুনদের সুযোগ করে দিতে এবং বিদায়ী নেতাদের মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। এরপর বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বিদায়ী বার্তা দেন।
ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের মেয়াদ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তবে এই নতুন কমিটি গঠনের বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, তার কাছে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নির্দেশনা আসেনি।
আলোচনায় আছেন যারা নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম উঠে এসেছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনায় আছেন:
-
ইজাজুল কবির রুয়েল (সহ-সভাপতি)
-
আমান উল্লাহ আমান (সাংগঠনিক সম্পাদক)
-
মমিনুল ইসলাম জিসান (১ নম্বর যুগ্ম সম্পাদক)
-
ইব্রাহিম খলিল (যুগ্ম সম্পাদক)
-
আবিদুল ইসলাম খান (ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক)
এছাড়া কাজী জিয়া উদ্দিন বাসিক, রিয়াদ রহমান, আরিফুল ইসলাম আরিফ, খোরশেদ আলম সোহেল, তরিকুল ইসলাম তারিক, মোস্তাফিজুর রহমান শুভসহ আরও বেশ কয়েকজন পদপ্রত্যাশী আলোচনায় রয়েছেন।
নেতাকর্মীদের প্রত্যাশা— রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করবে এমন পরীক্ষিত, ত্যাগী ও আধুনিক ছাত্র নেতৃত্বই যেন বাছাই করা হয়। এখন বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ছাত্রদলের আগামী দিনের নতুন অভিভাবক কারা হচ্ছেন।




