কবরে ঝাড়ফুঁক করে জীবিত করার চেষ্টার পর ওঝা বললেন ‘বেঁচে নেই’


টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে মারা যাওয়া হাসনা বেগম (৫৮) নামের এক নারীকে দাফনের তিন দিন পর কবরের পাশে ঝাড়ফুঁক করে জীবিত করার চেষ্টা চালায় এক ওঝা। লাশে পচন না ধরলে সাপের বিষ নামিয়ে জীবিত করার আশ্বাস দিলেও, ঝাড়ফুঁকের পর সেই ওঝাই পরিবারকে ফোন করে জানিয়েছেন তিনি আর বেঁচে নেই।
গত বৃহস্পতিবার বিষাক্ত সাপের কামড়ে মারা যাওয়ার পর চিকিৎসকের নিশ্চিতকরণে ওই নারীকে চতলবাইদ গ্রামে মেয়ে খালেদা বেগমের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে বাসাইল উপজেলার কৈলানপুর গ্রামের ওঝা গাজী মিয়া দাবি করেন যে ওই নারী মারা যাননি। শনিবার কবরের পাশে ছোট গর্ত করে ঝাড়ফুঁক চালায় সেই ওঝা, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।
ওঝার আশ্বাসে মৃতের পরিবার আশাবাদী হলেও পরবর্তীতে ওঝা ধ্যানে বসে ওই নারী মারা গেছেন বলে পরিবারকে জানান।
এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহেনা পারভীন ঘটনাটিকে অকল্পনীয় ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, সাপে কাটার পর মৃত ব্যক্তিকে ঝাড়ফুঁক করে জীবিত করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অন্ধবিশ্বাসে বিভ্রান্ত না হয়ে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টি-ভেনম রয়েছে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।




