বাঁশখালীতে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে।

শনিবার সকালে বাঁশখালী থানায় দায়ের করা এই মামলায় ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোসেন (৩২), এম এ আউয়াল টিপু (২৭) এবং আব্দুল আলীম (৩০)। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মিছিলে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় উপজেলা যুবলীগের এক নেতার নেতৃত্বে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। প্রায় চার মিনিটের ওই কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের একাধিক দল অভিযান চালায়, তবে পুলিশ পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা পালিয়ে যায়।

এর আগের দিন রাতেও উপজেলার তৈলারদ্বীপ সেতু এলাকায় ছাত্রলীগের একাংশের মিছিলের আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছিল।

Related Articles

Back to top button