ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নিতে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

আগামী ১৮ আগস্ট থেকে এই আধুনিক ব্যবস্থা কার্যকর হবে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে হাইওয়ে পুলিশ।

নতুন এই ব্যবস্থার আওতায় মহাসড়কে বসানো এআই ক্যামেরার মাধ্যমে ওভারস্পিড বা নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো, উল্টোপথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংয়ের মতো আইন লঙ্ঘনের ঘটনাগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। অপরাধ শনাক্ত হওয়ার পর নিবন্ধিত গাড়ির মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পৌঁছে যাবে।

ই-প্রসিকিউশনের পর যানবাহনের মালিকেরা বিকাশ বা নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে ঘরে বসেই সহজে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। হাইওয়ে পুলিশ আশা করছে, এই এআই ব্যবস্থা চালুর ফলে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি মহাসড়কে ট্রাফিক আইন মানার প্রবণতা এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

Related Articles

Back to top button