গাজীপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা হৃদয় আটক

গাজীপুর মহানগরীর পূবাইলের ৩৯নং ওয়ার্ডের শীর্ষস্থানীয় মাদক বিক্রেতাদের মধ্যে অন্যতম হৃদয়কে ইয়াবাসহ আটক করেছেন স্থানীয় মুসল্লিরা।

তবে এ সময় তার সঙ্গে থাকা আরও তিন ইয়াবা ব্যবসায়ী ও মাদকসেবী ধ্বস্তাধস্তি করে পালিয়ে যায়। আটক হৃদয় মিয়া ওই ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার জয়নালের ছেলে।

ঘটনায় পালিয়ে যাওয়া অপরাপর ব্যবসায়ীরা হলেন—ইব্রাহীম হোসেন, আমান উল্লাহ ও শাহেনশাহ শাহীন। এদের মধ্যে ইব্রাহীম হোসেন মাদকের পাইকারি বিক্রেতা হিসেবে পরিচিত। তিনি পালিয়ে গিয়েই স্থানীয়দের বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ মধ্যপাড়া নহরীরপাড় মসজিদ রোডে আমানের বাড়িতে মাদক সেবন ও বিক্রিরত অবস্থায় মুসল্লিরা তাদের হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় তিনজন ধস্তাধস্তি করে পালিয়ে গেলেও হৃদয়কে ধরে বায়তুন নূর মসজিদে নিয়ে যাওয়া হয় এবং জুমআর নামাজ শেষে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হায়দরাবাদে দীর্ঘদিন ধরে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে এবং বেশ কয়েকটি চিহ্নিত স্পটে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলছে। এতে এলাকায় চুরি-ছিনতাই বৃদ্ধির পাশাপাশি চরম আতঙ্ক বিরাজ করছে। মসজিদের আশপাশে অপরাধ না করতে সতর্ক করা সত্ত্বেও ব্যবসায়ীরা উল্টো সমাজবাসীকে হুমকি দিয়ে আসছিল।

ঘটনার বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে, মাদকের সঙ্গে জড়িত কেউ কাউকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং চিহ্নিত স্পটগুলোতে পুলিশি অভিযান জোরদার করা হবে।

Related Articles

Back to top button