ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতা, কড়া বার্তা সৌদির

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রতিশোধের তীব্র ডাক দিয়েছেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যারা খামেনি এবং যুদ্ধে অন্যান্য ইরানিদের হত্যায় জড়িত, তাদের ওপর প্রতিশোধ নেওয়া হবে। এমনকি যদি আমি নাও থাকি, তাও শিগগিরই এই প্রতিশোধ নেওয়া হবে।”

তাঁর এই কড়া বক্তব্যের পরপরই ইরানি সংবাদমাধ্যম ‘হামশাহরি’ বিশ্বের শীর্ষ ১৩ জন নেতার একটি ‘হিট লিস্ট’ প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির দাবি, প্রতিশোধের অংশ হিসেবে এই নেতাদের ওপর হামলা চালানো হবে।

প্রকাশিত এই তালিকায় রয়েছেন—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেদিখ মার্জ। এছাড়া তালিকায় আরও রয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সংবাদমাধ্যমটির অনলাইন ভার্সনে এই হিট লিস্ট প্রকাশ করা হলেও আজ প্রকাশিত তাদের মূল ছাপা পত্রিকায় এটি রাখা হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরানের চালানো পাল্টা হামলার তীব্র নিন্দা ও কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। রোববার রাতের এই হামলা-পাল্টা হামলার পর এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান আন্তর্জাতিক আইন থেকে শুরু করে জাতিসংঘ সনদ ও ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) সনদসহ সুপ্রতিবেশীর সব নীতি-নৈতিকতা চরমভাবে লঙ্ঘন করেছে, যা মোটেও কাম্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের এসব হামলার কারণে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মক হুমকিতে পড়েছে।

উল্লেখ্য, সর্বশেষ এ হামলায় সরাসরি সৌদি আরবকে লক্ষ্যবস্তু করা না হলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদির একটি তেলের ট্যাংকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মূলত সেই ঘটনার জের ধরেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার জবাবে আবারও পাল্টা হামলা শুরু করেছে ইরান।

Related Articles

Back to top button