পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের ছাদে ১২০.৯৬ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতার সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থা চালুর মাধ্যমে পিএসসি ভবনের বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানো সম্ভব হবে। এ লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও পিএসসি সচিবালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পিএসসি সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়। পিএসসি সচিবালয়ের পক্ষে উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারী এবং ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান চুক্তিতে স্বাক্ষর করেন।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানান, পিএসসি ভবনের ছাদে ৯ হাজার ২৪২ বর্গফুট জায়গায় সৌর প্যানেলগুলো স্থাপন করা হবে। এসব প্যানেল থেকে প্রতি মাসে প্রায় ১৩ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আশা প্রকাশ করেন যে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্য হারে সাশ্রয় হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত হবে।

পিএসসি সচিব মো. ফজলুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়নের লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিএসসি ও ডেসকোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button