শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর


তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা আহ্বান করেছে নিম্নতম মজুরি বোর্ড।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
আগামী সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য এ সভার প্রধান এজেন্ডা হলো— গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এ শিল্পে নিযুক্ত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন সংক্রান্ত আলোচনা।
সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং বিজিএমইএর পরিচালকসহ সংশ্লিষ্ট সকল বোর্ড সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বোর্ডের সচিব রাইসা আফরোজ।




