পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ফল প্রকাশ করা হবে

ক্যাম্পাস নিউ ডেস্ক :এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল। আগে পরিকল্পনা করা হয়েছিল যে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কেবল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। জেএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে না। অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।
গত মাসে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও ঘেরাও করলে এবারের এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল কীভাবে প্রকাশ করা হবে, সে বিষয়ে সম্ভাব্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। এখন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ফলাফল তৈরি করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে। এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিলেন, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে।



