আজ বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ১০১ গুণী শিক্ষক


আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে এ বছর প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। সম্মাননা হিসেবে প্রতিটি শিক্ষককে ২ লাখ টাকা, একটি ক্রেস্ট এবং সম্মাননাপত্র প্রদান করা হবে।
সোমবার দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বক্তব্য রাখবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। ইউনেসকো ঘোষিত এই দিবসে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষক।
সংশ্লিষ্ট অধিদপ্তরসমূহ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত পৃথক সার্চ কমিটির সুপারিশকৃত প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি চূড়ান্তভাবে এই ১০১ জন শিক্ষককে নির্বাচন করেছে।
জাতীয় পর্যায়ের এই মূল অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলা ও জেলা পর্যায়ে একযোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।




