ফুটপাত ও সড়ক দখল করে কোনো দোকান বসতে দেওয়া হবে না: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট থেকে কোতোয়ালি পর্যন্ত সড়কের ফুটপাত এবং সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।


গতকাল রোববার (৪ অক্টোবর) বিকেলে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এর আগে সকালে হকারদের নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তা না করায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের পর বিপণিবিতান বণিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠকে ফুটপাত ও সড়ক দখলের কারণে সৃষ্ট তীব্র যানজট এবং জনদুর্ভোগ নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে এলাকা পরিদর্শনের সময় পুনরায় দোকান বসানোর চেষ্টা করা হকারদের চেয়ারম্যানের নির্দেশে সরিয়ে দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন স্পষ্ট জানিয়েছেন, সিডিএ ভবন ও বিপণিবিতানসংলগ্ন ফুটপাত বা সড়কে সাধারণ মানুষের চলাচলের জায়গা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই এলাকাগুলো দখলমুক্ত রাখা হবে। তিনি আরও বলেন, হকারদের পুনর্বাসনের বিষয়টি চউক, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানবিক উপায়ে বিবেচনা করা হবে। হকার নেতারা আজ সোমবার থেকে আর ফুটপাত দখল না করার প্রতিশ্রুতি দিয়েছেন; তবে এই নির্দেশ অমান্য করে পুনরায় সড়ক বা ফুটপাত দখল করা হলে চউকের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে চউকের প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. এ. এম. হাবিবুর রহমান ও মোহাং মনজুর হাসান, স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এবং সচিব নূর-ই-জান্নাত রুমিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button