১০ এয়ারবাস কিনতে আগামী ৭ অক্টোবর বিমান ও এয়ারবাসের চুক্তি সই

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস উড়োজাহাজ ক্রয়ের আনুষ্ঠানিক চুক্তি আগামী ৭ অক্টোবর ঢাকায় সই হতে যাচ্ছে।


রাজধানীর র‍্যাডিসন হোটেলে আয়োজিত এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করবেন।


অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিত থাকার কথা রয়েছে।


এই চুক্তির আওতায় বিমান মোট ১০টি উড়োজাহাজ সংগ্রহ করবে, যার মধ্যে রয়েছে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ। দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটের জন্য ৪টি এ৩৫০-৯০০ এবং আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটের যাত্রী চাহিদা মেটানোর জন্য ৬টি এ৩২১নিও উড়োজাহাজগুলো ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০৩৩ সাল থেকে এসব উড়োজাহাজের সরবরাহ শুরু হতে পারে এবং ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। তবে ক্রয় চুক্তির মোট বাণিজ্যিক মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে প্রধানত বোয়িংয়ের উড়োজাহাজ থাকলেও এয়ারবাস যুক্ত হওয়ার মাধ্যমে বহরটি দুই প্রধান নির্মাতার সমন্বয়ে পরিচালিত হতে শুরু করবে। এর আগে বিমানের পক্ষ থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছিল।


এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্ত হলে বিমানটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী মোট নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫টিতে, যার মধ্যে ১৯টি হবে ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি। নতুন এই উড়োজাহাজগুলো হাতে পাওয়ার আগ পর্যন্ত স্বল্পমেয়াদি সক্ষমতার চাহিদা পূরণে লিজ নেওয়ার ব্যবস্থাও বিবেচনায় রাখছে বিমান।

Related Articles

Back to top button