খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনার দিঘলিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নেতা নাসিমুল করিম (নাসিম)-কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।

অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ৩টি গুলির খোসা ও ৩টি তাজা গুলি উদ্ধার করেছে।

নিহতের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Related Articles

Back to top button