পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ এই আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে উভয় দেশের নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক অপরাধ দমন ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে এবং দুই দেশের নিরাপত্তা জোরদারে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে প্রধানত যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে:

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও উত্তম চর্চা: দুই দেশের পুলিশের মধ্যে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়।সাইবার নিরাপত্তা ও গুজব দমন: সমসাময়িক বড় চ্যালেঞ্জ ভুয়া তথ্য যাচাই এবং সাইবার অপরাধ রোধ। মানবপাচার রোধ: আন্তর্জাতিক মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।ব্যবসায়িক নিরাপত্তা কৌশল: বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

সৌদি আরবের উন্নত নিরাপত্তা ব্যবস্থার অভিজ্ঞতাকে কাজে লাগাতে আইজিপি আলী হোসেন ফকির উভয় দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত ডায়ালগ বা সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সৌদি আরবের সহযোগিতা কামনা করে বলেন:

“সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং এবং বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বাড়াতে সৌদি আরবের উন্নত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।”

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ আইজিপির এই প্রস্তাবগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও বৃদ্ধির আশ্বাস দেন।

দ্বিপাক্ষিক এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে বাংলাদেশ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button