জাহাঙ্গীরের পক্ষে উত্তরা পশ্চিম থানা যুবদলের ব্যাপক প্রচারণা

মাহমুদুল হাসানঃ ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে উত্তরা পশ্চিম থানা যুবদল। শুক্রবার বিকেলে উত্তরা পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক মিলন মিয়ার নেতৃত্বে এই প্রচারণা কর্মসূচির আয়োজন করা হয়।
প্রচারণাটি আবদুল্লাহপুর বেঙ্গল পেপার মিল এলাকা থেকে শুরু হয়ে গোয়ালেরটেক, চুয়ারিরটেক, ট্রান্সমিটার, ফায়দাবাদ, পুলিশ ফাঁড়ি, মজিবর মার্কেট, সালমা মার্কেট, জয়নাল মার্কেট, হাউজ বিল্ডিং, উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে সুইচগেট এলাকায় এসে শেষ হয়। দীর্ঘ এই প্রচারণা পথজুড়ে যুবদল নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এসময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। তারা বলেন, ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এস এম জাহাঙ্গীর হোসেনই যোগ্য প্রার্থী।
প্রচারণা চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন এবং ধানের শীষের প্রতি সমর্থন জানান। যুবদল নেতারা বলেন, জনগণের এই সাড়া প্রমাণ করে ঢাকা-১৮ আসনের মানুষ পরিবর্তন চায় এবং ভোটের দিন ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
উত্তরা পশ্চিম থানা যুবদলের নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বিশ্বাস করেন, জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন।




