অনেকদিন পর সাকিব জ্বলে উঠলেও হারল এমআই নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটে (MLC) ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। তবে সাকিবের এমন ব্যক্তিগত নৈপুণ্যের দিনেও জয়ের হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি তার দল এমআই নিউইয়র্ক। ওয়াশিংটন ফ্রিডমের কাছে হেরে গেছে তারা। অবশ্য এই ম্যাচ হারলেও ১০ ম্যাচে ৫টি করে জয় ও পরাজয় নিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে এমআই নিউইয়র্ক।

ম্যাচের শেষদিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন সাকিব। ১৭তম ওভারে ক্রিজে এসেই নিউজিল্যান্ডের স্পিনার রাচিন রবীন্দ্রকে চমৎকার এক রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকান এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ১৩ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন তিনি।

পরে প্রতিপক্ষের ইনিংসের দ্বিতীয় ওভারেই এমআই নিউইয়র্কের হয়ে বোলিং আক্রমণে আসেন সাকিব। নিজের করা দ্বিতীয় বলেই উইকেট তুলে নিয়ে ব্রেকথ্রু এনে দেন দলকে। সাকিবের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান ব্যাটার মিচেল ওয়েন। সবমিলিয়ে ৩ ওভার বোলিং করে ২৪ রান খরচায় ১টি উইকেট শিকার করেন তিনি।

এমআই নিউইয়র্কের দেওয়া ১৮৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ওয়াশিংটন ফ্রিডম। তবে তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্র ও আন্দ্রেস গুস মিলে পাল্টা আক্রমণ চালান। এই দুই ব্যাটার ৬৮ বলে ১১৬ রানের এক বিধ্বংসী জুটি গড়ে ম্যাচ দলের নিয়ন্ত্রণে নিয়ে নেন।

ওয়াশিংটনের পক্ষে ৩০ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাচিন। অন্যদিকে সেঞ্চুরির দোড়গোড়ায় থাকা আন্দ্রেস গুস ৫৪ বলে ৪টি চার ও ৮টি বিশাল ছক্কার সাহায্যে ৯৬ রানের ম্যাচজয়ী ইনিংস উপহার দেন। শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে অপরাজিত ১২ রান করে ৯ বল বাকি থাকতেই ওয়াশিংটন ফ্রিডমকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

Related Articles

Back to top button