তুরাগে রাজউকের সাঁড়াশি অভিযান: নকশা বহির্ভূত ভবন গুঁড়িয়ে দিলো রাজউক


জাহিদ হাসানঃ রাজধানীর তুরাগ এলাকায় অবৈধ ও নকশা বহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার সকালে তুরাগের রানাভোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রানাভোলা এলাকায় একটি ১০ তলা ভবনসহ একাধিক নকশা বহির্ভূত স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এবং অথরাইজড অফিসার এহসান ঈমাম।
অভিযান চলাকালে তিনটি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এছাড়া একটি ভবনের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, যাতে ভবিষ্যতে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনা করা হয়। দুইটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানের পরবর্তী ধাপে ডিয়াবাড়ি ১৫ নম্বর সেক্টরে রাজউকের নিজস্ব একটি মাঠে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান জানান, রাজধানীতে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে এবং অবৈধ দখল ও নকশা বহির্ভূত নির্মাণ রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



