ইরানে পানির পাম্পে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১ ও আহত ৪

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানির পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, সোমবার ভোরে এই হামলা চালানো হয়। হামলায় নিহত ব্যক্তি ওই পানি পাম্পিং স্থাপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি আরও জানান, জরুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছেন এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এদিকে মাহশাহরের পাশাপাশি ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ১০টার দিকে ইরানি বার্তাসংস্থা মেহের ও ফার্স নিউজ এই বিস্ফোরণের তথ্য জানায়।

বিস্ফোরণের পরপরই কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির বার্তাসংস্থা ইরনাকে জানান, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু (যা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হতে পারে) দ্বীপটিতে আঘাত হেনেছে। তবে তিনি স্পষ্ট করেন যে, এই হামলাগুলো মূলত সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে এবং এখন পর্যন্ত সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে গত রাতভর ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইরানও। মার্কিন হামলার পরপরই ইরান উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে একযোগে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

উপসাগরীয় অঞ্চলে দুই পরাশক্তির এই মুখোমুখি সামরিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে এক চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

Related Articles

Back to top button