সালমান খানকে হুমকি বার্তা পাঠানোর অভিযোগ

বিনোদন ডেস্ক :সালমান খানকে হুমকি বার্তা পাঠানোর অভিযোগে জামশেদপুর থেকে এক সবজি বিক্রেতাকে আটক করেছে মুম্বাই পুলিশ। ওরলি পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। হুমকিদাতার নাম হুসেন শেখ মৌসিন (২৪)। তিনি জামশেদপুরের একজন সবজি বিক্রেতা।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তদন্তের জন্য তাকে মুম্বাই নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে অভিনেতার কাছ থেকে পাঁচ কোটি রুপি দাবি করে একটি হুমকি বার্তা আসে। যেখানে লেখা ছিল— যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চান, তাহলে তাকে পাঁচ কোটি রুপি দিতে হবে। আর যদি সালমান তা না দেন, তাহলে তার অবস্থা বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে। এই বার্তাটিকে যেন হালকাভাবে না নেওয়া হয়।

এ ঘটনার পরপরই পুলিশ মামলা করে তদন্তে নামে। তদন্ত শুরু হওয়ার পর ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে আরও একটি মেসেজ আসে, যেখানে দাবি করা হয়— আগের মেসেজটি ভুল করে পাঠানো হয়েছে। পুলিশ ঝাড়খণ্ডে থাকা নম্বরটি ট্র্যাক করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার অভিযানে মাঠে নেমে পড়ে। এ ঘটনার পর পরই জামশেদপুর থেকে  সবজি বিক্রেতা শেখ মৌসিনকে গ্রেফতার করা হয়।

এদিকে লাগাতার খুনের হুমকির জন্য সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যে দুই কোটি রুপির বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সালমান। এখন সে গাড়িতেই যাতায়াত করছেন অভিনেতা। এমনকি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সেটেও সেরাসহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন।

যদিও এখনো পর্যন্ত হুমকির বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সালমানকে। তবে এর মাঝেই আগামী ছবি ‘সিকান্দর’-এর শুটিং শুরু করলেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এ ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এআর মুরুগাদোস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button