স্পেনের রাজাকে শুভেচ্ছাপত্র দিলেন বিরোধীদলীয় নেতা


স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজা ষষ্ঠ ফিলিপকে একটি শুভেচ্ছাপত্র দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে তিনি এই শুভেচ্ছাপত্রটি হস্তান্তর করেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে স্পেনের জাতীয় দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত স্পেন দূতাবাস। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
চিঠিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজা, রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছাপত্রে বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরা হয়। এছাড়া স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও চিঠিতে বিশেষভাবে স্মরণ করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।




